এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সারাদেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬তম গ্রেডে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব পরিচালক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট উপপরিচালক ও সহকারী পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য খাতের জনবল ঘাটতি পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুযায়ী পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদগুলো পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও প্রক্রিয়া শেষ হয়নি, সেগুলোতে নতুন করে ছাড়পত্র নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আগের আবেদনগুলোর সঙ্গে সমন্বয় করে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিয়োগ সংক্রান্ত জটিলতা বা মামলা থাকলে তাও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে বলা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ১৪তম গ্রেডে কর্মরত প্রধান সহকারী বা সমমানের পদধারীদের সুবিধার্থে ১৩তম গ্রেডের শূন্য পদে পদায়নের ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানকে নিয়োগ কার্যক্রমের অগ্রগতির তথ্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ই-মেইল ও হার্ডকপিতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180938