জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর
জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা এবং মৌলিক চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছিল, তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকার জনগণের সহযোগিতা পাবে না।
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এক নেতাকে হত্যার প্রসঙ্গ তুলে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করেন। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি জড়িত সবাইকে গ্রেফতার এবং দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, চব্বিশে যেভাবে পাখির মতো গুলি করে এ দেশের মেধাবীদের হত্যা করা হয়েছিল, সেই শব্দগুলো আমাদের কানে ধ্বনিত হচ্ছে। যারা এসবের পুনরাবৃত্তি করবে, তাদের অবস্থাও পতিত স্বৈরাচারের মতো হবে।
দেশের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ যারা দেশ পরিচালনা করেছে, তাদের নীতি-আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসেনি। মায়েদের সন্তানহারা চিৎকার বন্ধ হয়নি, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়নি। নির্বিচারে যুগ যুগ ধরে জেলে পড়ে থাকার ঘটনাও বন্ধ হয়নি।
‘এসব নীতি-আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া ও আখিরাতে শান্তির পথ দেখাতে পারে’—যোগ করেন মুফতি রেজাউল করীম।
রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলনের অবস্থান তুলে ধরে দলের আমির বলেন, “আমরা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছি। দীর্ঘদিনের পথচলায় আমাদের কেউ কেউ হতাশা ব্যক্ত করেন, কেন এখনো আমরা সফল হইনি? তাদের বলবো, ‘মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে’।”
তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন মুমিনদের ভয় ও চিন্তা করার কারণ নেই তারাই বিজয়ী হবে। তাই ধৈর্যের সঙ্গে আল্লাহর রহমতকে পুঁজি করে কাজ করে যেতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180859