রাজ্জাক আঙ্কেলকে হারানোর শূন্যতা আজও অনুভব করি: শাকিব খান
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেঘন পোস্টে নায়করাজের স্মৃতিচারণ করেন তিনি।
পোস্টে শাকিব খান লেখেন, নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।
বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন। অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো - খুবই ব্যক্তিগত।
তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে।
পোস্টের শেষে নায়করাজের আত্মার শান্তি কামনা করেন শাকিব খান।
২০১৭ সালের ২১ আগস্ট ঢাকাই চলচ্চিত্রের এই মহানায়ক মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ২৩ জানুয়ারি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180807