মার্কিন সামরিক রাডার স্থাপনার কাছে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি দুর্গম সামরিক স্থাপনার কাছে বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা আটজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের কিছু পর বেসামরিক প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক পরিচালিত বিমানটি বিধ্বস্ত হয়। আলাস্কার কেপ নিউয়েনহ্যামের কাছে একটি দূরপাল্লার রাডার স্থাপনার বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে।
বিমানটিতে থাকা যাত্রীরা কারা ছিলেন এবং তারা সেখানে কেন যাচ্ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আলাস্কা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেছেন, তারা সবাই ‘কঠিন পরিবেশে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত নিবেদিতপ্রাণ পেশাজীবী’ ছিলেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি আমাদের সামরিক পরিবার এবং যেসব সম্প্রদায়কে আমরা সেবা দিই, তাদের জন্য এক বিধ্বংসী ক্ষতি।’
নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানো এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান তিনি। উদ্ধারকাজে দ্রুত ও নিরলসভাবে কাজ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রবার্ট ডেভিস।
মার্কিন বিমানবাহিনীর আলাস্কা কমান্ড জানিয়েছে, বিমানটি অ্যাঙ্কোরেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এটি আকাশপথে প্রায় ৭২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কেপ নিউয়েনহ্যামের উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনাস্থলের কাছে পৌঁছানো উদ্ধারকারীরা নিশ্চিত হয়েছেন, বিমানে থাকা কেউই বেঁচে নেই।
মার্কিন পরিবহন নিরাপত্তা বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসনের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, বিমানটিতে দুইজন চালক ও ছয়জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নিহতদের স্বজনদের জানানো শেষে তাদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আলাস্কার দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত কেপ নিউয়েনহ্যাম স্থাপনাটি আলাস্কা রাডার ব্যবস্থার অংশ। দুর্গম এসব রাডার কেন্দ্রের মাধ্যমে আলাস্কার আকাশসীমার দিকে আসা বা সেখানে চলাচলকারী বিমান পর্যবেক্ষণ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180788