পুলিশের হেলমেট চুরি করে পালানোর সময় মাইক্রোবাসসহ চালক আটক
রাজধানীর শনির আখড়ায় ট্রাফিক পুলিশের সরকারি মোটরসাইকেল থেকে হেলমেট নিয়ে পালানোর সময় সজীব (২৮) নামে এক মাইক্রোবাসচালককে আটক করেছে ট্রাফিক ডেমরা জোন। পরে তার কাছ থেকে চুরি যাওয়া হেলমেটটিও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে শনির আখড়ার রানা পেট্রোল পাম্পের সামনে একটি মাইক্রোবাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। পরে যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার সুযোগে ওই মাইক্রোবাসচালক সরকারি মোটরসাইকেলের পেছনে রাখা হেলমেট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ঘটনাটি এক লেগুনাচালক দেখে ট্রাফিক সার্জেন্টকে জানালে ডেমরা জোনের পুলিশ সদস্যরা মাইক্রোবাসটির পিছু নেন। পরে চালক সজীবকে আটক করে তার কাছ থেকে হেলমেটটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সজীবকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180767