রাজশাহীতে সৎ ছেলেকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় রিফাত(৭) নামে এক শিশুকে শ্বাসরোধে ও গলাকেটে হত্যার দায়ে তার সৎ বাবা মোহাম্মদ আলীকে(৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী নাটোর সদর উপজেলার একডালা এলাকার বাসিন্দা। ২০১৯ সালের ২৮মে রিফাতকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী ২০১২ সালের দিকে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হন। ঘটনার প্রায় সাত মাস আগে তিনি বুলবুলি খাতুনকে বিয়ে করেন। বুলবুলির প্রথম ঘরের সন্তান ছিল রিফাত। স্ত্রী নতুন করে সন্তান নিতে না চাওয়ায় সৎ ছেলে রিফাতকে হত্যার পরিকল্পনা করেন মোহাম্মদ আলী। ২০১৯ সালের ২৮ মে সন্ধ্যায় নাটোর সদর উপজেলার একডালা এলাকার একটি মসজিদে ইফতার ও নামাজ শেষে বের হয় রিফাত। এসময় তরমুজ কিনে দেওয়ার কথা বলে তাকে সাইকেলে তুলে নেন মোহাম্মদ আলী। পরে নাটোর শহরের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর তাকে রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকার একটি কলাবাগানে নিয়ে যান।
সেখানে রিফাতকে হত্যার চেষ্টা করলে সে মোহাম্মদ আলীর হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে ধরে প্রথমে গলাটিপে হত্যা করা হয়। পরে ছুরি দিয়ে গলাকেটে মৃত্যু নিশ্চিত করেন মোহাম্মদ আলী। হত্যার পর রাতে একা বাড়ি ফেরেন তিনি। পরে রিফাতের মা ছেলের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী অস্বাভাবিক আচরণ করেন। এতে সন্দেহ হলে আত্মীয়-স্বজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে রিফাতকে হত্যার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, লাশ উদ্ধার করা হয়।
আদালতের পেশকার রেজাউল ইসলাম সেন্টু জানান, মোহাম্মদ আলী কোনো আইনজীবী নিয়োগ করতে পারেননি। পরে আদালত তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করেন। আসামির স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180754