কোটি টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করব না: রাজপাল যাদব

কোটি টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করব না: রাজপাল যাদব

বিনোদন ডেস্ক: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আইনি জটিলতা বা কারাবাস— কোনো কিছু দমাতে পারেনি বলিউড অভিনেতা রাজপাল যাদবকে। দিল্লি হাইকোর্ট তাঁকে নতুন করে তিন মাসের কারাদণ্ড দিলেও থেমে নেই তাঁর অভিনয়যাত্রা। একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন এই কৌতুক অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল জানিয়েছেন, কোনো সমালোচনায় তাঁর ক্যারিয়ার প্রভাব ফেলতে পারবে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল বলেন, ‘জীবনে আর্থিক ও আইনি সমস্যাগুলো আমার খ্যাতি ও কর্মজীবনে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। অনেকে আমার খ্যাতি নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু কেউ সফল হয়নি। ছোটবেলা থেকে অভিনয় আমার প্রথম ভালোবাসা। আমি আমার পেশার প্রতি নিবেদিত। আমি ভারতীয় সিনেমার একজন ছাত্র। গত ৩০-৪০ বছর ধরে যাঁদের কাছ থেকে টাকা ধার নিয়েছি কথা দিচ্ছি সবার বাড়িতে টাকা পৌঁছে দেব। আমি পরিশ্রম করছি, উপার্জন করছি, সবার টাকা পরিশোধ করব।

তিনি আরও বলেন, ‘ভালো সময় হোক বা খারাপ সময় এত দুর্নাম হওয়ার পরেও প্রতিটি বিমানবন্দরে আমার সঙ্গে সেলফি তোলার জন্য ৫০০ জন লোক দাঁড়িয়ে থাকে। আমাকে কেউ ৫ কোটি, ১০ কোটি, ১০০ কোটি বা ২৫০ কোটি টাকায় কিনতে পারবে না। কারণ ছোটবেলাতে শিল্প্যের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি। থিয়েটার ও চলচ্চিত্রের একনিষ্ঠ অনুরাগী আমি। অবশ্যই কিছু একটা তৈরি করে সবাইকে দেখাব। যাতে মানুষ দেখতে পায়, ২০০০ থেকে ২০২৬ সালের মধ্যে রাজপাল কী কী অর্জন করেছে! তবে এতে এক-দুই বছর সময় লাগতে পারে। আমি কখনও পথ হারাইনি। চলচ্চিত্র নির্মাণ, বাড়ি তৈরি কিংবা ক্যারিয়ার গড়ার সময়। আমি মনে করি, জীবনের কোনো প্রতিকূলতা একজন শিল্পীর কাজ ও পরিচয়কে প্রভাবিত করতে পারে না।’ 

মামলার এজহার থেকে জানা যায়, ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজপাল। চলচ্চিত্রটি নির্মাণের জন্য তিনি ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন অভিনেতা। 

পরবর্তীতে পাওনাদার প্রতিষ্ঠান টাকা ফেরত চাইলে রাজপাল তা দিতে ব্যর্থ হন। সুদ-আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ কোটি টাকায়। দীর্ঘ অচলাবস্থার পর ২০১৮ সালে প্রতিষ্ঠানটি রাজপাল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।

দীর্ঘ আট বছর ধরে চলা মামলায় ইতিপূর্বেও দুবার জেল খাটতে হয়েছে ‘ভুল ভুলাইয়া’ খ্যাত এ অভিনেতাকে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180739