বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আইনি ব্যবস্থা নিতে বুধবার (১৯ আগস্ট) রাতেই তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার(১৮ আগস্ট) মিয়ানমারের  বিভিন্ন বয়সী ১৪ জন পুরুষ নাগরিক স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিজিবি জানায়, ক্রিলাইপাড়া চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

তারা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাক পরে বাংলাদেশে প্রবেশ করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অনুপ্রবেশ, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগষ্ট) তাদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180691