প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না কর্নেল অলি

প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না কর্নেল অলি

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট দিতে পারছেন না জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি (অব.) আহমদ। সংসদ সদস্য না হওয়ায় তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় নেই। এমনকি ভোটগ্রহণের স্থান জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষেও তার প্রবেশের সুযোগ থাকছে না।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। দুপুর ২টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় সংসদের বিভক্তি নম্বর অনুযায়ী ৩৪৯ জনের ভোটার তালিকা তৈরি করা হয়েছে। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য ৫০ জন। তবে অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারবেন না।

এ বিষয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180690