১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
পুলিশ পাহারায় দীপু মনিকে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হচ্ছে। সেখানে তিনি স্বামীর মরদেহ দেখবেন।
এর আগে বুধবার মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর পর তাকে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। এ অনুযায়ী ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আসামি হয়ে দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন।
স্বামীর মৃত্যুর পর প্যারোলে মুক্তির আবেদন করতে বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে যান তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। সেখানে তানী দীপাবলি তার মায়ের সঙ্গে দেখা করেন। পরে তারা প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্যারোলে মুক্তির আইনগত ভিত্তি সম্পর্কে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, কারা আইন ও কারাবিধিতে দিনের বেলায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে। এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে। সেই বিধান অনুযায়ী দীপু মনি ১২ ঘণ্টার প্যারোল পেয়েছেন।
আইনজীবী আরও বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এই প্যারোল দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে চাইলে এর চেয়ে বেশি সময়ের জন্যও প্যারোলে মুক্তির সুযোগ ছিল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180659