গাইবান্ধার সাঘাটায় পুকুর ঘেঁষে বিদ্যালয় ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 

গাইবান্ধার সাঘাটায় পুকুর ঘেঁষে বিদ্যালয় ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: বিদ্যালয় ভবনের বারান্দা ঘেঁষে গভীর পরিত্যক্ত পুকুর। দুর্গন্ধযুক্ত পানি যেন হাতছানি দিচ্ছে মৃত্যুকে। নেই খেলার মাঠ, নেই শিশুদের নিরাপদ চলাচলের পর্যাপ্ত জায়গা। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান চলছে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টির সামনে থাকা পুকুরটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

পুকুরের পানি নোংরা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বিদ্যালয় চলাকালীন সময়ে ছোট ছোট শিশুদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় বলে জানিয়েছেন অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, মাত্র ১৪ শতক জমির ওপর বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে। নতুন নির্মাণাধীন ভবন ঘেষেই গভীর পরিত্যক্ত পুকুর, পুকুরের জায়গাটি অন্য মালিকের। শুনেছি পুকুরটি আরও গভীর করা হবে। ঘর না থাকায় বাধ্য হয়েই নির্মাণাধীন ভবনেই পাঠদান করা হচ্ছে। স্কুল চলাকালীন সময়ে শিশুদের নিয়ে সবসময় শঙ্কায় থাকতে হয়।

এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি জানান, বিষয়টি আমার জানা ছিল না, এখন সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180640