বগুড়ায় নিষিদ্ধ প্রসাধন বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নিষিদ্ধ প্রসাধন বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএসটিআইয়ের বৈধ ছাড়পত্র ও আমদানিকারকের নাম-ঠিকানা ছাড়া নিষিদ্ধ প্রসাধন সামগ্রী (স্কিন ক্রিম) বিক্রি ও বিতরণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে শহরের সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট ও রানার প্লাজা এলাকায় পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ড দেওয়া হয়। অভিযানে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট এর মৌসুমি স্টোর-কে ১০ হাজার টাকা এবং রানার প্লাজার কৈরি স্টোর-কে ১০ হাজার  টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুটিতে বৈধ ছাড়পত্র ও আমদানিকারকের লেবেল ছাড়াই স্কিন ক্রিম, শ্যাম্পু, ফেসওয়াশ, নেলপলিশ, লিপস্টিক, লোশন ও সাবান বিক্রি করা হচ্ছিল। এই দুটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযান চলাকালে বিসিএল সুপার শপ ও এঞ্জেলস স্টুডিওসহ ওই এলাকার অন্যান্য দোকানগুলোতে এ ধরনের অবৈধ ও ক্ষতিকর প্রসাধন বিক্রি না করার জন্য সতর্ক ও সচেতন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট) মো. শাহ্ আলম পলাশ খাঁন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন। সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180634