বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবস পালন

বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবস পালন

শহর প্রতিনিধি : বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা করেছে বগুড়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশন। আজ বুধবার (১৯ আগস্ট) সকালে সংগঠনটির বগুড়া প্রেস ক্লাব চত্বর সংলগ্ন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দৈনিক করতোয়ার সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত স্মারক ফটোএ্যালবামের ম্যাগাজিন আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। ২০০৪ সালে প্রকাশিত এ্যালবামটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন বগুড়ার সমসাময়িক রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রনেতা, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সুধীজনদের সাথে উন্নয়ন ও রাজনৈতিক কর্মকান্ডের ১৮৬ পৃষ্ঠায় ৩৭২টি স্থিরচিত্র স্থান পেয়েছে। স্মারক ফটো এ্যালবামটি প্রকাশের জন্য পরবর্তীতে বিগত ফ্যাসিস্ট সরকারের নানা জুলুম, মামলার হুমকির মুখেও এ্যালবামটি সংরক্ষণ ও পুনঃমূদ্রণের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান, এ্যালবামটির প্রকাশক ও চিত্রগ্রাহক শফিকুল ইসলাম শফিক।

পরে শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। 

সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ত্রিশ বছরের রাজনৈতিক জীবনের শুরুর দিকের ছায়াসঙ্গী ছিলেন দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিক। ফটো এ্যালব্যামটিতে অনেক ছাত্রনেতাদের ছবি দেখলাম, তারা আমাদের মাঝে আর নেই। ছবির মাধ্যমে তারা আমাদের মাঝে থাকবেন। বগুড়ার উন্নয়নে সিটি কর্পোরেশনের কাজের গঠনমূলক সমালোচনা করে ফটোসাংবাদিকসহ সকলের সহায়তা কামনা করেন তিনি।

জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রশাসনকে তথ্য পেতে সহায়তা করে ফটোসাংবাদিকদের বিভিন্ন সময়ের ছবি।  সেইসাথে বর্তমান সময়ে ভিউ আর জনপ্রিয়তার দিকে না ভেবে ছবি, ভিডিওর মাধ্যমে তথ্য, সংবাদ উপস্থাপনের আগে সঠিকতা যাচাইসহ প্রকাশের আহবান জানান।

আলোচনা সভায় ফটোজার্নালিজমের স্মৃতিচারণ করে দৈনিক করতোয়া সম্পাদক বলেন, ফটো বা ছবি কথা বলে।  একটি সুন্দর ছবি সময়ের সাক্ষী হয়ে থাকে, তুলে ধরে তথ্য।  হাজার শব্দ দিয়েও তা সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। ৮০ দশকে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে সংবাদের খোঁজে ছুটে বেড়ানোর কথা স্মরণ করেন তিনি। বর্তমানের মাঠের ফটো সাংবাদিকদের সরকারের নানা উন্নয়নমূলক তথ্য উপস্থাপনে আরও সজাগ ও দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। অনুষ্ঠানে বগুড়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ, বগুড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক-ফটো সাংবাদিকবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন-বগুড়া মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক মো. আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ। 


এদিকে, বেলা ১১টার দিকে পৃথক আরও একটি র‌্যালির আয়োজন করে  বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বগুড়রা জেলা শাখা। সংগঠনের সভাপতি বজলুর রশিদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিনসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে বগুড়া প্রেস ক্লাব চত্বরে এসে  শেষ হয়।

উল্লেখ্য, প্রতি বছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র বা ফটোগ্রাফি দিবস পালিত হয়। ১৮৩৯ সালের এই দিনে ফরাসি সরকার ডাগেরিওটাইপ নামক প্রথম বাস্তবসম্মত ফটোগ্রাফিক পদ্ধতিকে বিশ্বের জন্য উন্মুক্ত উপহার হিসেবে ঘোষণা করে। আলোকচিত্রের শিল্প, ইতিহাস ও এর পেছনের কারিগরদের সম্মান জানাতেই দিনটি উদযাপিত হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180541