প্যারোলে মুক্তির পর নেওয়া হবে দীপু মনির স্বামীর জানাজার সিদ্ধান্ত
মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজায় অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বুধবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) রাত ১০টা ২৭ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।
তিনি জানান, তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে স্বামীর মৃত্যুর পর দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে তিনি স্বামীর জানাজায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180535