বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ জহির রায়হানের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক : আজ ১৯ আগস্ট। বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদপুরুষ, মুক্তিযুদ্ধের সংগঠক, চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, সাংবাদিক জহির রায়হানের জন্মদিন। ১৯৩৫ সালের এই দিনে ফেনী মহকুমার মজুপুর গ্রামে জন্ম নেন তিনি।
সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও সাহিত্য ও চলচ্চিত্র—দুই অঙ্গনেই নিজের অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন জহির রায়হান। ১৯৫৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘সূর্যগ্রহণ’। এরপর ‘শেষ বিকেলের মেয়ে’, ‘আরেক ফাল্গুন’ ও ‘হাজার বছর ধরে’র মতো কালজয়ী সাহিত্যকর্ম উপহার দেন।
১৯৫৭ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে সহকারী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। ১৯৬১ সালে ‘কখনো আসেনি’ নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। এরপর ‘কাঁচের দেয়াল’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘সঙ্গম’ ও ‘বাহানা’র মতো চলচ্চিত্র নির্মাণ করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজের জায়গা করে নেন। ‘সঙ্গম’ ছিল পাকিস্তানের প্রথম উর্দু রঙিন চলচ্চিত্র এবং ‘বাহানা’ ছিল পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র।
ভাষা আন্দোলনের চেতনা জহির রায়হানের শিল্পীসত্তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তারই শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটে কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’য়। আর ১৯৭১ সালে নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ হয়ে ওঠে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের এক গুরুত্বপূর্ণ দলিল। চলচ্চিত্রটির প্রদর্শনী থেকে পাওয়া অর্থও তিনি মুক্তিযোদ্ধা তহবিলে তুলে দেন।
দেশ স্বাধীন হওয়ার পরও থেমে থাকেননি জহির রায়হান। বুদ্ধিজীবী হত্যার নেপথ্যের ঘটনা ও হত্যাকারীদের প্রমাণ খুঁজে বের করার কাজে নিজেকে নিয়োজিত করেন। কিন্তু ১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের সন্ধানে বের হয়ে তিনি নিখোঁজ হন। এরপর আর কখনো ফিরে আসেননি। আজও পাওয়া যায়নি তাঁর মরদেহ।
সাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নিগার’ চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180526