কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে একটি হোটেলে আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে শহরের মির্জা গালিব স্ট্রিটের তিনতলার হোটেল শিখা ইনে এই আগুন লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েকজন জ্ঞান হারান। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে শিশুসহ ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয়রা বলেছেন, নিহত ব্যক্তিরা হোটেলের আবাসিক ছিলেন। তারা বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তারা কলকাতায় এসেছিলেন।
নিউমার্কেট কলকাতর সবচেয়ে ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। আগুন লাগার সংবাদ পাওয়ার পর অল্প সময়ের মধ্যে কলকাতা ফায়ার সার্ভিস বিভাগের ৪টি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা শুরু করে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের একটি টিমও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেয়।
আগুন যখন লাগে তখন হোটেলের আবাসিকরা ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না বলে দাবি স্থানীয়দের। আগুন লাগার খবর ছড়াতেই আবাসিকরা হোটেলের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন।
অভিযোগ উঠেছে, হোটেলের ঢোকা-বেরোনোর পথ খুবই সঙ্কীর্ণ। আবাসিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্তের প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180524