ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই পাকিস্তান দলে নেমে এসেছে দুশ্চিন্তা। চোটের কারণে হেডিংলিতে প্রথম টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক বাবর আজম। তার পরিবর্তে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।

বুধবার লিডসে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন বাবরের না খেলার বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ। তিনি জানান, প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন সালমান আগা।

ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ডান হাতে নতুন করে চোট পান বাবর। বেকেনহামে কাউন্টি সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ব্যাটিংয়ের সময় তার হাতে বল লাগে। এরপর সতর্কতা হিসেবে তাকে আর ব্যাটিং করতে দেওয়া হয়নি।

একই হাতে আগে থেকেই চোট ছিল বাবরের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তিনি ওই হাতে আঘাত পেয়েছিলেন। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই প্রস্তুতি ম্যাচে একই জায়গায় আবার বল লাগায় তার প্রথম টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সোমবার অনুশীলনে ব্যাটিং করায় অবশ্য বাবরের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচের আগের দিন তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলের চিকিৎসকরা তার চোট পর্যবেক্ষণ করছেন এবং দ্বিতীয় টেস্টে তাকে ফেরানোর আশা করছে টিম ম্যানেজমেন্ট।

বাবরের অনুপস্থিতিতে প্রথমবার টেস্টে পাকিস্তানের নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও টেস্টে এবারই প্রথম নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন এই অলরাউন্ডার।

জুলাইয়ে শান মাসুদের পরিবর্তে আবার পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়েছিল বাবরকে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি দলকে নেতৃত্ব দেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

তবে সিরিজের শুরুতেই বাবরকে হারিয়ে এখন নেতৃত্বের পাশাপাশি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটারের ঘাটতিও সামলাতে হবে সালমান আগাকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180522