নির্বাচনি ইশতেহারের চেয়ে গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

নির্বাচনি ইশতেহারের চেয়ে গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়ে জুলাইয়ের ইশতেহারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী তাসনুভা জাবিন। তার মতে, গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের সাফল্য বিচার করতে জুলাইয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নই বেশি গুরুত্বপূর্ণ।

সোমবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তাসনুভা বলেন, বর্তমান সরকার স্বাভাবিক ধারায় ক্ষমতায় আসেনি। বহু মানুষের জীবন ও রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান সফল হওয়ার পর এই সংসদ গঠিত হয়েছে। তাই সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়নে দলীয় নির্বাচনি ইশতেহারের চেয়ে জুলাইয়ের ইশতেহার ও প্রতিশ্রুতিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সরকার ব্যবস্থা পরিবর্তনের দিকে কতটা এগোচ্ছে বা অন্তত আগ্রহ দেখাচ্ছে কি না, সেটিই মুখ্য। কিন্তু এ ক্ষেত্রে তিনি চরম হতাশ বলে মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন কার্ড বিতরণ ও খাল খননের উদ্যোগের প্রশংসা করলেও তাসনুভা বলেন, মানুষ যখন রান্নার গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না, জ্বালানি সংকটে যাতায়াত ব্যয় ও পণ্যের দাম বাড়ছে, তখন এসব উদ্যোগ গৌণ মনে হয়। একই সঙ্গে বিচার বিভাগ, পুলিশ, মানবাধিকার, দুদক ও স্থানীয় প্রশাসনে দলীয়করণের অভিযোগ নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।

দেশীয় গ্যাস অনুসন্ধানে বাজেট বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে নির্দিষ্ট সময়সীমার পরিকল্পনা এবং সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তাসনুভা বলেন, একদিকে গ্যাস আমদানিনির্ভরতা বাড়ছে, অন্যদিকে অলিগার্কদের সুবিধা দেওয়া হচ্ছে। তাই সরকারের পরিবর্তনের উদ্যোগ কোথায়, সে প্রশ্ন তোলেন তিনি।

তার ভাষ্য, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সময় লাগতে পারে। তবে এমন গুরুত্বপূর্ণ সংকটে দেশবাসীকে আশ্বস্ত না করে শুধু কার্ড বিতরণকে ছয় মাসের সাফল্যের মানদণ্ড হিসেবে দেখা যায় না।

পোস্টের শেষদিকে তাসনুভা সরকারকে উদ্দেশ করে বলেন, ছয় মাস মাত্র গেছে—তাই এখনো সময় আছে, পরিকল্পনা পরিবর্তন করুন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180520