ঢাবির হলে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে উত্তেজনা ও দুই পক্ষের হাতাহাতি
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে সিসি ক্যামেরার ফুটেজ যাচাইকে কেন্দ্র করে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীদের মধ্যে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাক্বিতন্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ফজলুল হক মুসলিম হলের অফিসের সিসিটিভি ফুটেজ যাচাই করতে প্রক্টোরিয়াল টিম সেখানে গেলে এ ঘটনা ঘটে।
ফজলুল হক মুসলিম হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জনাব আলী আকবর বলেন, দুপুরে প্রক্টরিয়াল টিম হলের অফিসের সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য আসে। এ সময় শিক্ষার্থী ও প্রক্টোরিয়াল টিমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বর্তমানে প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীরা হলের অফিস কক্ষে অবস্থান করছেন এবং পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।
এর আগে প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে সিসি ক্যামেরার ফুটেজ গায়েব বা ম্যানিপুলেট করার চেষ্টা করার অভিযোগ করেন ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি দাবি করেন, ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রকাশ করা প্রয়োজন।
এদিকে ইকবাল হায়দার নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন, ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট কার্যালয়ের তালা ভেঙে জোরপূর্বক সিসি ক্যামেরার ফুটেজ নেওয়ার জন্য প্রক্টোরিয়াল টিম আসছে। তবে প্রক্টোরিয়াল টিমের বিরুদ্ধে ফুটেজ গায়েব, ম্যানিপুলেট করা কিংবা তালা ভেঙে ফুটেজ নেওয়ার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে গত ১৬ আগস্ট ফজলুল হক মুসলিম হলে এক শিক্ষার্থীকে প্রভোস্টের কার্যালয়ে নিয়ে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন। এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
বর্তমানে হলের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180423