কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে শাহাদাৎ হোসেন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিঘর গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শাহাদাৎ হোসেন ওই যুবতীকে তার শয়নকক্ষে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ওই যুবতী বিষয়টি তার মাকে জানান। ঘটনার বিচার চেয়ে ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন তিনি। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড করে।

ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় সোমবার (১৭ আগস্ট) থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180417