বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
স্টাফ রিপোর্টার : বগুড়ায় কর্মজীবী নারীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে আবারও পৃথক পিংক কালারের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।
তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
বগুড়া থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভিডিও কনফারেন্সে সদর সংসদ সদস্য রেজাউল করিম বাদশা তার বক্তব্যে বলেন, বগুড়া মহানগরে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য বিআরটিসির এই উদ্যোগটি মানবিক সরকার হিসেবে বর্তমান বিএনপি সরকারের একটি নির্বাচনী অঙ্গীকার পূরণ৷ বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী৷ আজকের এই মহিলা বাস সার্ভিস চালু তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ওয়াদা পূরণ করেছেন৷ এটির মাধ্যমে যেমন নারীদের যাতায়াত সহজ হবে ঠিক তেমনি তাদের কর্মসংস্থানও হয়েছে। তাদের কর্মস্থলে যাতায়াত হবে নিরাপদ। এটি একটি নারী জাগরণের নতুন সূচনা। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এমন মহিলাদের বাস সার্ভিস চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিআরটিসি সূত্রে জানা গেছে, কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের কথা বিবেচনায় নিয়ে পিংক বাস সার্ভিস পরিচালনা করা হবে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, বিআরটিসি অপারেশনস ম্যানেজার মো: শাহিনুল ইসলাম, ট্রাফিক প্রধান মো: সালেকুজ্জামান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সাহাজাদী লায়লা, সাধারণ সম্পাদক মোছাঃ নাজমা আকতার, বগুড়া জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট নাজমুল হুদা পাপন সহ জেলা ও মহানগর বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে বগুড়ায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু হলেও বিভিন্ন কারণে তা নিয়মিতভাবে পরিচালিত হয়নি। নতুন করে পিংক বাস চালুর মধ্য দিয়ে মহানগরে নারী যাত্রীদের নিরাপদ গণপরিবহন সুবিধা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180414