নতুন নিয়মের ফাঁদে শাস্তি পেলেন নেইমার 

নতুন নিয়মের ফাঁদে শাস্তি পেলেন নেইমার 

স্পোর্টস ডেস্ক : সময় অপচয় ঠেকাতে চালু হওয়া নতুন নিয়মের প্রথম শাস্তি পেলেন নেইমার জুনিয়র। তবে এতে তার কোনো ব্যক্তিগত দায় ছিল না। বরং নিয়মের জটিলতার কারণেই এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়েছে সান্তোসের অধিনায়ককে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষক মাঠে চিকিৎসা নিলে খেলা পুনরায় শুরুর পর আউটফিল্ডের একজন খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কোন খেলোয়াড়কে বাইরে পাঠানো হবে, তা নির্ধারণ করবেন কোচ। এ সিদ্ধান্ত নেওয়ার জন্য কোচকে দেওয়া হবে মাত্র ১০ সেকেন্ড।

এই সময়ের মধ্যে কোচ কোনো খেলোয়াড়ের নাম নির্ধারণ করতে ব্যর্থ হলে বাধ্যতামূলকভাবে দলের অধিনায়ককে এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে। এই নিয়মেই নেইমারকে এক মিনিট মাঠের বাইরে থাকতে হয়।

ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সময়ক্ষেপণ ঠেকানোর এই নিয়ম। পরবর্তীতে পর্যালোচনার পর এটি স্থায়ীভাবে কার্যকর করা হতে পারে।

ব্রাজিলের সিরি আ-তে নিজেদের সর্বশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে সান্তোস। ম্যাচ চলাকালে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে মাঠেই প্রাথমিক চিকিৎসা নিতে হয়।

খেলা পুনরায় শুরুর আগে নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি সান্তোসের কোচ অ্যালেক্সি স্তিভাল, যিনি ‘কুচা’ নামে পরিচিত। ফলে নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে মাঠ ছাড়তে হয় অধিনায়ক নেইমারকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180395