সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সেই স্কুলছাত্রের জামিন
লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার স্কুলছাত্র মো. রিমন জামিন পেয়েছে।
প্রতি সোমবার আদালতে হাজিরা দেওয়া এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলসহ কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান তার জামিন মঞ্জুর করেন। গ্রেপ্তারের ১৫ দিন পর সে জামিন পেল। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী আব্দুর রব সুমন বলেন, গত ২ আগস্ট বিকেলে চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রাম থেকে রিমনকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিল সে। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুরের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান।
আইনজীবী বলেন, প্রতি সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অংশ না নেওয়ার শর্তে বিচারক রিমনের জামিন মঞ্জুর করেছেন।
রিমনের বয়স নিয়ে মামলার নথিতে অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেন তার আইনজীবী। তিনি বলেন, রিমন একজন স্কুলছাত্র। জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৪ বছর ২ মাস। তবে মামলার এজাহারে তার নাম ‘বাচ্চু প্রকাশ রিপন’ এবং বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। জন্মনিবন্ধনের সঙ্গে মামলার এজাহারে দেওয়া নাম ও বয়সের মিল নেই। আদালতে সোপর্দ করার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান নাম সংশোধন করলেও বয়স উল্লেখ করেছেন ১৩ বছর ১১ মাস ২৯ দিন।
জামিন পাওয়া রিমন রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। সে চর মেহার আজিজিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে চরআলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। পুলিশের অভিযোগ, এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করেন। তারা মিছিলের ভিডিও ধারণ করে বিভিন্ন মাধ্যমে প্রচার করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180318