বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা, ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা, ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- অনিক, আকাশ ও চান্দি বাবু। তারা একটি ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানা গেছে।

মামলার আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, মামলায় মোট ২৭ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকেই মৃত্যুদণ্ড দেন।

জানা গেছে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন ২০ বছর বয়সী ওয়াজেদ সীমান্ত। এ সময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর ১৪ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সীমান্ত। নিহত সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকায়।

মামলার আইনজীবী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। অনিকের বিরুদ্ধে পাঁচটি এবং আকাশের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। চান্দি বাবুর বিরুদ্ধেও ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে।

রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন সীমান্তের বাবা হাজী মোহাম্মদ আলম পারভেজ। তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180294