মধ্যরাতে ঢাবির হলে দুই পক্ষের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

মধ্যরাতে ঢাবির হলে দুই পক্ষের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংঘর্ষের কারণ, ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার (১৬ আগস্ট) রাত ৩টায় ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন। আহতদের  তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী। ফজলুল হক মুসলিম হলের সহকারী আবাসিক শিক্ষক ড. মো. আল আমীন সিকদারকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটিকে সংঘর্ষের কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় হলজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180264