ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে : মীর শাহে আলম

ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে : মীর শাহে আলম

সরকারের ছয় মাসের কার্যক্রমে খুব একটা সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

আজ সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ সময়ে ঢাকা নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, খাল ও লেক সংস্কার এবং রাস্তাঘাটের উন্নয়নে কাজ শুরু হয়েছে। তবে এসব কাজের সুফল মাঠপর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে। সরকারের ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ছয় মাস তো খুব কম সময়। আমরা এই সময় ঢাকা নগরীর ধরেন ময়লা, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) নিয়ে আমরা কাজ করছি। খালগুলো নিয়ে, লেকগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছি।

বর্ষাকালে ঢাকার জলজট প্রসঙ্গে তিনি বলেন, বর্ষাকালে এবার আমার মনে হয় যে পানি যেটি জলাবদ্ধতা ঠিক না, জলজট যেটা ছিল খুব কম সময় ছিল। এজন্য আমরা অবশ্য দুঃখ প্রকাশ করেছি। এখনো করছি, আমাদের সীমাবদ্ধতা আছে। ছয় মাসের কাজের সামগ্রিক মূল্যায়নে প্রতিমন্ত্রী বলেন, সব মিলিয়ে আমি বলব যে খুব একটা সন্তুষ্ট আমরা না। তবে কাজ যেগুলো শুরু করেছি এগুলো মাঠপর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময় লাগবে। তিনি বলেন, কাজ শুরু করার আগে পরিস্থিতি বুঝতে সরকারের কিছুটা সময় লেগেছে। একই সঙ্গে নতুন সরকারের কাজের ধরন বুঝতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও সময় লাগছে।

মীর শাহে আলম বলেন, কারণ আমাদের তো শুরু করতে আমাদের বুঝতে কিছুদিন সময় লেগেছে, তারপরে আমাদের কাজের ধরনটা যারা আমাদের সঙ্গে কাজ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদেরও একটু বুঝতে সময় লাগছে। সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়াও এগিয়ে চলছে। কিছু ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) বা কিছু প্রকল্প আমরা অনুমোদনের জন্য প্ল্যানিংয়ে আছে, কিছু অর্থতে আছে।

প্রতিমন্ত্রী বলেন, সব মিলিয়ে আমরা ছয় মাসে অনেক দূর এগিয়েছি। বিশেষ করে সারা বাংলাদেশেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180240