বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির মুখমণ্ডল ও শরীর মারাত্মকভাবে ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকালে তার পরনে ছিল লুঙ্গি, কালো রঙের টি-শার্ট ও পায়ে স্যান্ডেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180207