লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিন পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলা সদরের সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের আব্দুল জলিল ও একই উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বড়খাতা এলাকা থেকে ভাড়ায় চালিত একটি অটোরিকশা হাতীবান্ধা সদরে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মোটরসাইকেল শো-রুমে আঘাত করে।
এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও তিনজন পথচারী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180206