বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছে।

আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরাইল ও আমেরিকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাবেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। তাই দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আজ রোববার (১৬ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ইতোমধ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই বর্তমান সংকট কাটিয়ে মানুষের কাছে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

জাতীয় মৎস্য পক্ষ দিবসের আলোচনায় তিনি বলেন, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস উল্লেখ করে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে বলে জানান।

পঞ্চগড় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে এম আব্দুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে পুরস্কার ও সম্মাননা দেয়া হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180188