টানা তিন পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

টানা তিন পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির জন্য রাতটা ছিল হতাশায় ভরা। পেনাল্টি মিস, হলুদ কার্ড, পোস্টে দুবার বল লাগা এবং বাতিল হওয়া গোল—সব মিলিয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে একের পর এক ব্যর্থতার সাক্ষী হয়েছেন আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হেরেছে মেসির ইন্টার মিয়ামি।

এই হারের ফলে লিগে মিয়ামির সাত ম্যাচের অপরাজিত যাত্রার অবসান হয়েছে। একই সঙ্গে টানা তৃতীয় ম্যাচে হারল দলটি। শীর্ষস্থান দখলের সুযোগও হাতছাড়া হয়েছে তাদের।

জিওডিস পার্কে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। স্পট কিকে মেসির শট ছিল বেশ দুর্বল। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক।

ফিরতি বলে সার্জিও রেগিলন গোল করলেও ভিডিও রিভিউয়ের পর তা বাতিল হয়। পেনাল্টি নেওয়ার সময় রেগিলন আগেই বক্সে ঢুকে পড়েছিলেন।

এই পেনাল্টি মিসের মাধ্যমে দীর্ঘ সময় পর অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠল মেসির। ২০১৪ সালের পর প্রথমবার টানা তিনটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন তিনি।

এর আগে চলতি গ্রীষ্মের বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি। এবার ন্যাশভিলের বিপক্ষেও ব্যর্থ হলেন তিনি।

এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে এমএলএসের শীর্ষে উঠে এসেছে ন্যাশভিল। অন্যদিকে, ন্যাশভিলের বিপক্ষে জিততে পারলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের শীর্ষে ওঠার সুযোগ ছিল মিয়ামির। কিন্তু বড় হারে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180173