বগুড়ার শেরপুরে পাখির বাসা ডিম ও ছানা ধ্বংস মামলার আসামি গ্রেফতর

বগুড়ার শেরপুরে পাখির বাসা ডিম ও ছানা ধ্বংস মামলার আসামি গ্রেফতর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে গাছ কেটে কয়েক শ’ পরিযায়ী শামুকখোল পাখির বাসা, ডিম ও ছানা ধ্বংস করার মামলায় অভিযুক্ত আজাহার আলীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আজাহার আলী সম্প্রতি তার ব্যক্তিগত মালিকানাধীন জমির উপরের জলপাই ও পিতরাজের সাতটি বড় গাছ বিক্রি করলে ক্রেতারা গাছগুলো কেটে ফেলেন। ওই গাছগুলোতে দীর্ঘ দিন ধরে কয়েকশ” শামুকখোল পাখি বসবাস ও প্রজনন করে আসছিল। গাছ কেটে ফেলার কারণে শত শত পাখির বাসা মাটিতে পড়ে বিপুল পরিমাণ ডিম ভেঙে যায় এবং অসংখ্য ছানা মারা যায়। এই ঘটনার পর বন বিভাগের শেরপুর রেঞ্জ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন পারভেজ বাদি হয়ে শেরপুর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক তদন্তে গাছ কেটে পাখির বাসা ও ডিম ধ্বংসের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ডিমের খোসা ও ছানার অবশিষ্টাংশ সংগ্রহ করা হয়েছে। অপরাধে যুক্ত থাকার প্রমাণ মেলায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় জানান, ২০১৪ সাল থেকে রামনগর গ্রামটিতে পরিযায়ী শামুকখোলসহ নানা প্রজাতির পাখি নিয়মিত আশ্রয় নিত। ফলে এলাকাটি স্থানীয়ভাবে পাখি কলোনি হিসেবে পরিচিতি পায়। গত ৮ আগস্ট গাছ কাটার ঘটনা ঘটলে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে বন বিভাগ ও উপজেলা প্রশাসন সক্রিয় হয়ে আইনি ব্যবস্থা গ্রহন করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180081