বগুড়ার সারিয়াকান্দিতে ঘাস কাটতে গিয়ে যমুনায় ডুবে কৃষক নিখোঁজ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ঘাস কাটতে গিয়ে যমুনা নদীর পানিতে ডুবে আব্দুর রশিদ (৬৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আব্দুর রশিদ কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মৃত তজিমুদ্দিন সরকারের ছেলে। আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে রাজশাহী ডুবুরি দল।
নিখোঁজ আব্দুর রশিদের মেয়ে রুবিনা খাতুন বলেন, আমার বাবা আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে বাড়ি গরুর জন্য ঘাস কাটার জন্য বের হন। পরে জানতে পারি, দেবডাঙ্গা গ্রোয়েন বাঁধের সামনে একটি খাল পার হতে গিয়ে বাবা পানিতে ডুবে গেছে। তিনি ডুবে যাওয়ার সময় হাত দিয়ে মানুষকে ইশারা করেছিলেন। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করেও বাবার আর কোনও খোঁজ পাইনি। পরে আমরা বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিসকে জানায়।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সুজন মিয়া বলেন, সংবাদ পেয়ে আমরা রাজশাহী ডুবুরি দলকে খবর দেই। খবর পেয়ে রাজশাহী ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা ৬টার পর থেকে উদ্ধার অভিযান শুরু করে, রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180064