গাজীপুরে বাস-গরুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। পরে মুমূর্ষু অবস্থায় থাকা আরও চারটি গরু জবাই করা হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালবাথান এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। পরে মুমূর্ষু অবস্থায় থাকা আরও চারটি গরুকে স্থানীয় লোকজন জবাই করেন।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180035