বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

মফস্বল ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩টায় ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে নিরাপত্তার কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ত্রুটি মেরামত শেষে শনিবার সকালে আবারও উৎপাদন শুরু করা হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ নম্বর ইউনিটও চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে চালু থাকা ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদন দিয়েই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180007