যশোরে কেশবপুরে ককটেল বিস্ফোরণে যুবক আহত
যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
আহত জুয়েল রানা ওই এলাকার খানজাহান আলীর ছেলে। স্থানীয়রা উদ্ধার করে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাথপাড়া মোড় এলাকায় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জুয়েল রানা আহত হন। তবে তিনি নিজে ককটেল বহন করছিলেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ককটেল বহনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180004