আলোচনায় ফেরার সিদ্ধান্ত নেয়নি ইরান : আব্বাস আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক : ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনায় ফিরবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। যুদ্ধবিরতি লঙ্ঘন এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মতবিরোধের মধ্যেই এ অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাগচি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’ এর আগে ইরানের সংবাদমাধ্যম শারাহারা নিউজকেও একই কথা জানিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বার্তা আদান-প্রদান করছেন। তবে এর অর্থ এই নয় যে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। আরাগচির অভিযোগ, জুনে পাকিস্তানে সমঝোতা স্মারক সই হওয়ার পর যুক্তরাষ্ট্রের কারণেই আবার সংঘাত শুরু হয়েছে। এখন যুদ্ধ থেকে বের হওয়ার জন্য নতুন পথ নির্ধারণ করা প্রয়োজন।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও ইরান আলাদাভাবে ওমানের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। তবে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত ওই পথে জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। আরাগচি বলেছেন, আগের নৌপথগুলো এখন আর কার্যকর নেই। তাই আপাতত একটি বিকল্প পথ তৈরি করা হচ্ছে, যা পরবর্তী সময়ে স্থায়ী নৌপথে রূপ নিতে পারে। তার ভাষায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবার শুরু হবে কি না, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রকে তার কিছু শর্ত পূরণ করার ওপর। সূত্র : আলজাজিরা
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180003