টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসিফ টাঙ্গাইল সদরের চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির জন্য পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে চলে যায় আসিফ। তারপর থেকে তিনি নিখোঁজ হন। পরে রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন।
এরপর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা গাড়াইল আন্ডারপাস এলাকায় একটি ডোবার পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আসিফ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180000