বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
শহর প্রতিনিধি : তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) শহরের সাতমাথায় আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভয়াবহ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে উল্লেখ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। অন্যদিকে নিয়মিত লোডশেডিং জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত এসব সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলার আহবায়ক এএমজেড শাহরিয়ার। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজমীর হাসান। এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব সৈকত আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজমীর হাসান, দুপচাঁচিয়া উপজেলা আহ্বায়ক নাফি, আদমদীঘি উপজেলা আহ্বায়ক আল ফাহাদ, জেলা যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের করিম রিহান প্রমুখ।
এসময় চোখে ব্যান্ডেজ বেঁধে হবিগঞ্জে ছাত্রদলের হামলায় ছাত্রশক্তি নেতা আলিফের চোখ নষ্টের প্রতিবাদ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179998