আসিয়ান কাপে অংশ নিতে সম্মত বাফুফে

আসিয়ান কাপে অংশ নিতে সম্মত বাফুফে

স্পোর্টস ডেস্ক : ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপে অংশ নেয়ার আমন্ত্রণ গ্রহণে সম্মতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি।

ব্রাজিলের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতির কথা উল্লেখ করে এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর থেকে ভারত সরে দাঁড়ানোয় বাংলাদেশের সামনে সম্ভাবনা তৈরি হয়। আয়োজক ইন্দোনেশিয়ার আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ। ফিফার অর্থায়নে আয়োজিত এই টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে আটটি দল অংশ নেবে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হবে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। 

এনটিসির সদস্য ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ হাসান কানন বলেন, বাফুফে সভাপতি ও এনটিসির চেয়ারম্যান তাবিথ আউয়াল এনটিসির সদস্যদের কাছে জানতে চেয়েছিলেন, আমরা ফিফা আসিয়ান কাপে অংশ নেব, নাকি ঢাকায় চার জাতির একটি টুর্নামেন্ট আয়োজন করব। তিনি বলেন, বাংলাদেশ দলের আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার পক্ষে আমরা সর্বসম্মত মত দিয়েছি। কারণ সেখানে বাংলাদেশ আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পাবে।

সাবেক জাতীয় গোলরক্ষক আরও বলেন, এ ছাড়া বাংলাদেশ অংশগ্রহণ বাবদ অর্থও পাবে। আয়োজকেরা থাকা ও বিমানভ্রমণের খরচ বহন করবে। তাই ঢাকায় চার জাতির টুর্নামেন্ট আয়োজনের চেয়ে এটি আমাদের জন্য ভালো সুযোগ। কানন জানান, এখন বাফুফে সভাপতি ও সচিবালয় আয়োজকদের কাছে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সম্মতিপত্র পাঠানোসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179994