রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূ নিহত
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- শমসের আলী (৬০) ও শরিফুল ইসলামের স্ত্রী তানিয়া বেগম (২৫)। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে শ্বশুর ও পুত্রবধূ।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় শ্বশুর শমসের আলী পুত্রবধূকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এলাকাবাসী তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179954