নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক স্থানে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে রোহানা আক্তার রুনা (১০) ও বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

ইউপি সদস্য এমদাদুল জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বাহাগিলী ইউনিয়নের রুনা পড়াশুনা শেষে পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে তার ডান হাতে সাপ ছোবল দেয়। তীব্র ব্যথা অনুভব হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে পুলিশ সূত্র জানায়, বড়ভিটা জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায় গতকাল বৃহস্পতিবার রাতে সনাতন ধর্মীয় মনসার গানের মঞ্চে সাপ নিয়ে দর্শকদের খেলা দেখানোর সময় সাপটি তার হাতে ছোবল দেয়। রাতে সে বাড়িতে আসার পরে ব্যথা অনুভব হলে স্বজনরা তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর জানান, পৃথক স্থানে সাপের ছোবলে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179950