বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি অপহৃত চালক উদ্ধার, তিনজন গ্রেফতার

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি অপহৃত চালক উদ্ধার, তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত সিএনজি চালিত অটোরিকশা চালককে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মোঃ রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে একটি টিম গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের পুরান বগুড়ায় শেরেবাংলা নগর এলাকায় পলাতক আসামি মোঃ মেহেদী হাসান শিহাবের দোতলা বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়ার বাদশা মিয়ার ছেলে সজীব আহম্মেদ (৩২), শিবগঞ্জ উপজেলার কামতারা পশ্চিমপাড়ার মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে লজিম প্রামাণিক (৪০) ও বগুড়া মহানগরের মালগ্রাম উত্তরপাড়ার মামুন শেখের ছেলে সোহান শেখ (১৮)।

এরপর ঘটনাস্থল থেকে অপহৃত অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৪৩)কে উদ্ধার করা হয়। ধৃত আসামিদের হেফাজত থেকে ৩টি মোবাইল ফোন ও মুক্তিপন আদায়ের নগদ ২ হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর আজ শুক্রবার (১৪ আগস্ট) ধৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডিবি সূত্র আরো জানায়, গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার রাত পোনে ১১ টার দিকে হাজেরা বেগম নামে এক নারী ডিবি অফিসে এসে মৌখিকভাবে জানান যে, তার স্বামী রফিকুল ইসলামকে অজ্ঞতনামা আসামিরা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটক করে একটি বাসায় নিয়ে গিয়ে মারপিট, দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে  তার কাছে থাকা  ১৫ হাজার টাকা  ছিনিয়ে নেয়।

এরপর তার স্বামীকে সেখানে আটকে রেখে ওই দুর্বৃত্তদের একজন মোবাইলে ফোন করে ডিবি পুলিশ পরিচয়ে তার কাছ থেকে ২০ মিনিটের মধ্যে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে, কোর্টে চালান দেওয়ার হুমকি দেয়। এতে তিনি টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তার স্বামীকে মারপিট করে মোবাইল ফোনে তার স্বামীর চিৎকার ও কান্না শোনায়। পরে ডিবি অভিযানে নেমে তার স্বামীকে উদ্ধার ও তিনজন আসামিকে গ্রেফতার করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179946