ফসলের ক্ষতি হওয়া নিয়ে বাগবিতন্ডা ছাত্রদল নেতাসহ ছুরিকাহত- ২
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বর্ষার পানিতে মাছ ধরতে গিয়ে ফসলের ক্ষতি হওয়া নিয়ে বাগবিতন্ডার জের ধরে ছাত্রদল নেতা রাজু (২২) ও রবিউল (১৮) নামের ২ জন ছুরিকাহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার আশেকপুর ইউনিয়নের চকভালি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত রাজুর মা বুলবুলি বাদি হয়ে শাজাহানপুর থানায় ১৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অপরদিকে রবিউল আহত হওয়ার ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পারতেখুর পশ্চিমপাড়া গ্রামের আলমগীর হোসেনের ফসলী জমিসহ বিভিন্ন ব্যাক্তর জমিতে কয়েক ব্যক্তি পলই দিয়ে মাছ ধরছিলেন। এসময় জমিতে থাকা ফসলের ক্ষতি হওয়ার সংবাদ পেয়ে আলমগীর হোসেন ও তার ছেলে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু রাতেই ঘটনাস্থলে পৌঁছান এবং ফসলের ক্ষতি করতে নিষেধ করেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা ও ধাক্কা-ধাক্কি হয়।
ধাক্কা ধাক্কির ঘটনা আপস করার কথা বলে পরদিন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রবিউল ইসলাম নামের এক ব্যক্তি রাজু (২২) কে ফোন করে চকভেলী রাস্তার মাথায় বগুড়া-নাটোর হাইওয়ে রোডের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় যেতে বলে। সে মোতাবেক উক্ত স্থানে গিয়ে রাজু দেখে একদল ব্যক্তি চাকু, লাঠি শোটা নিয়ে মারমুখী হয়ে আছে। রাজু সেখানে পৌঁছামাত্র তার পেটে চাকু দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের রবিউল ইসলাম (১৯) ছুরিকাঘাতে আহত হয়।
আশপাশের লোকজন উভয়কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে। এ ঘটনায় রাজুর মা বুলবুলি বাদি হয়ে আজ শুক্রবার (১৪ আগস্ট) শাজাহানপুর থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
অপরদিকে রবিউল আহত হওয়ার ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে। শাজাহানপুর থানার ওসি মো. আসিক ইকবাল জনান, এক পক্ষের এজাহার পাওয়া গেছে। অপর পক্ষের মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179943