কক্সবাজারে হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরের প্রবেশদ্বার বাসটার্মিনাল এলাকার ঢাকা হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতাউল কবির পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী এলাকার বাসিন্দা। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
হোটেল ম্যানেজার জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির একাই হোটেলে এসে ওই কক্ষে ওঠেন। শুক্রবার সকাল ১১টার দিকে হোটেল কর্মীরা কক্ষের দরজায় টোকা দিলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
হোটেলে প্রবেশের সময় আতাউল কবিরের সঙ্গে আর কেউ ছিলেন না বলে জানান ম্যানেজার।
পুলিশ ঘটনাস্থল থেকে তার ব্যাগ, কাপড় চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউল কবিরের সেখানে কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে ছিলেন।
তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179941