বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, সাত প্রতিষ্ঠানের জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান পরিচালনা করেছেন। আজ শুক্রবার (১৪ আগস্ট) অভিযানে-মাছ, মাংস, সবজি, চালসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের ওপর তদারকি করা হয়। এসময় বিভিন্ন প্রকার মাছকে তাজা ও চকচকে দেখানোর জন্য বাল্বের গায়ে সবুজ ও লাল রঙের পলিথিন মুড়িয়ে ক্রেতাদের প্রতারণা করতে দেখা যায়।

এই অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক সাড়ে ৫ হাজার টাকা এবং কেনার পাকা রশিদ সংরক্ষণ না করায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মুরগি ও মাছের ওজন পরিমাপক যন্ত্রের ওপর থেকে ফ্যান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
খাসি ও ছাগল আলাদা রেখে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। সোনালী মুরগি না থাকলে মূল্য তালিকায় সোনালী মুরগির নাম বাদ দিয়ে কালার বার্ড ও ক্ল্যাসিক নাম সংযোজন করতে বলা হয়। বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান অভিযানে নেতৃত্ব দেন। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও জেলা পুলিশের একটি টিম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179925