শরীয়তপুরে ককটেল ফাটিয়ে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি চাঁ’নবাবগঞ্জে গ্রেফতার

শরীয়তপুরে ককটেল ফাটিয়ে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি চাঁ’নবাবগঞ্জে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় বসতবাড়িতে প্রবেশ করে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আব্দুল মান্নান সর্দার নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ওয়াসিম মাতবরকে(৩০) চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউপি ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এবং র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের যৌথ দল। গ্রেফতারকৃত ওয়াসিম জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের নুরুল ইসলাম মাতবরের ছেলে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার পূর্ব পরিকল্পিতভাবে এলাকায় ব্যাপক ভীতি সৃষ্টি করে আসামিরা। পরে গত বুধবার নিহতের ছেলে জাজিরার চরকান্দি চরধুপুরিয়া গ্রামের দবির সরদার(৫২) এ ঘটনায় জাজিরা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন।

র‌্যাব আরও জানায়, চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়ে ব্যাপক আলোচিত হলে এবং গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ঘটনার ৩ দিনের মধ্যে ওই আসামিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় র‌্যাব।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179915