ডাবল মাস্টার্স সম্পন্ন করলেন শাপলা পাল

ডাবল মাস্টার্স সম্পন্ন করলেন শাপলা পাল

অভি মঈনুদ্দীন ঃ শাপলা পাল চট্টগ্রামের মেয়ে। চট্টগ্রামে একজন সঙ্গীতশিল্পী হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে। একটা সময় ছিলো যখন চট্টগ্রামের প্রায় প্রতিটি শো’তেই শাপলাকে গান গাইতে দেখা যেতো। অর্থাৎ চট্টগ্রাম ও তার আশেপাশের এলাকাতে শাপলা পাল বেশ পরিচিত।

বিগত বেশ কয়েক বছর যাবত তিনি পরিবার’সহ ঢাকাতেই অবস্থান করছেন। এখন তিনি ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত স্টেজ শো করেন। একজন সঙ্গীতশিল্পী হবারই স্বপ্ন ছিলো তার সেই ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে গানে তালিম নিয়েছেন। পাশাপাশি পড়াশুনাও করে গেছেন নিয়মিত। একজন মেধাবী শিক্ষার্থী হিসেবেও তার খ্যাতি ছিলো যখন যেখানে পড়াশুনা করেছেন সেখানে। ২০০৪ সালে শাপলা পাল কুসুম কুমারী সিটি করপোরেশন গার্লস স্কুল থেকে এসএসসি, ২০০৬ সালে হাজেরা তাজু ডিগ্রী কলেজ থেকে এইচএসসি, ২০১২ সালে চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ থেকে অর্থনীতিতে অনার্স, ২০১৪ সালে একই কলেজ থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। কিন্তু শাপলা পালের খুউব ইচ্ছে ছিলো গানেও পড়াশুনা করার। যে কারণে দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে তার পূরণ হলো।

কয়েকদিন আগেই রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপম্যান্ট অলটারনেটিভ-থেকে মিউজিকে (বিশেষত ক্ল্যাসিক্যাল মিউজিক) মাস্টার্স সম্পন্ন করেছেন। আর এরইমধ্য দিয়ে তার জীবনের অনেক বড় এক স্বপ্ন পূরণ হলো। শাপলার ডাবল মাস্টার্স করার মধ্যদিয়ে তার নিজের অনেক বড় একটি স্বপ্ন যেমন পূরণ হলো ঠিক তেমনি তার পরিবারের প্রত্যেক সদস্যই তার এই সাফল্যে ভীষণ খুশী। তার মা তার মিউজিকে মাস্টার্সেও ফলাফলে ভীষণ খুশী।

তার স্বামী অরিজিৎ’ও মহাখুশী। এদিকে আগামীকাল ১৫ আগস্ট শাপলার জন্মদিন। অরিজিৎ বলেন,‘ আমি চাই শাপলা গানটা নিয়মিত করুক। পাশাপাশি গানের সাথে সম্পৃক্ত এমন কিছুর সঙ্গে আরো ওতপ্রোতভাবে জড়িত হোক। যেহেতু তার ধ্যান জ্ঞান গানকে ঘিরেই, তাই গানেই করুক বসবাস। আর তাকে অগ্রীম জন্মদিনের শুভেচ্ছা। ’

শাপলা পাল বলেন,‘ আজ বারবার বাবার কথা মনে করে চোখে জল চলে আসছে। বাবা বেঁচে থাকলে কতোটা যে খুশী হতেন। মা’ও খুশী। কিন্তু মা অসুস্থ বিধায় তার সেই ভালোলাগাটুকু প্রকাশ করতে পারছেন না। অরিজিৎ’কে ধন্যবাদ আমাকে শতভাগ সহযোগিতা করার জন্য। জানিনা জীবনে কী পূণ্য করেছি আমি, যে বিধাতা আমাকে এমন একজন মহান মানুষ, বড় মনের মানুষ আমার জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। অনেক অনেক স্বপ্ন সঙ্গীতকে ঘিরে। জানিনা কতোটুকু পারবো। তবে চেষ্টা থামবে না আমার।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179902