নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত

নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত

নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝখানে পড়ে আমির হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নগর বানিয়াদী এলাকার মৃত শামসুল হকের ছেলে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শাহের মাজারে যান আমির। সেখানে রাত কাটিয়ে শুক্রবার সকালে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে তারা নরসিংদীর উদ্দেশে রওনা হন। সকালে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি করলে প্রচণ্ড ভিড়ের মধ্যে অনেকেই ছাদ থেকে নামতে শুরু করেন।

এ সময় ট্রেনটি আবার চলতে শুরু করলে তাড়াহুড়ো করে নামার সময় আমির নিয়ন্ত্রণ হারিয়ে দুই বগির মাঝখানে পড়ে যান। পরে ট্রেনটি তাকে প্রায় ৩০ গজ টেনে নিয়ে যায়।

স্টেশনে উপস্থিত লোকজনের সহায়তায় আমিরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিরের বন্ধু আকরাম হোসেন বলেন, ‘আমরা তিন বন্ধু একসঙ্গে কেল্লা শাহের মাজারে গিয়েছিলাম। ভোরে ট্রেনে ওঠার সময় প্রচণ্ড ভিড় থাকায় ভেতরে যেতে না পেরে ছাদে উঠেছিলাম। নরসিংদীতে আসার পর দুজন ছাদ থেকে নামতে পারলেও আমির নামতে পারেনি। চলন্ত ট্রেনের দুই বগির মাঝে পড়ে তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দীন বলেন, ‘ট্রেনের ছাদ থেকে দুই বগির মাঝখানে পড়ে আমিরের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179894