সম্পর্ক ছিন্ন করা মানে কাউকে ছেড়ে দেওয়া নয়: প্রভা

সম্পর্ক ছিন্ন করা মানে কাউকে ছেড়ে দেওয়া নয়: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের মনের অনুভূতিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি তাঁকে বিভিন্ন প্রবচন দিতে দেখা যায়। 

আজ শুক্রবার (১৪ আগস্ট) এক পোস্টে মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং বিচার করার প্রবৃত্তি নিয়ে একটি বার্তা শেয়ার করেছেন। প্রভা লিখেছেন, ‘সম্পর্ক ছিন্ন করা মানে কাউকে ছেড়ে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া নয়। এর মানে হলো সত্যটা স্বীকার করা। যে জিনিস একসময় অর্থপূর্ণ ছিল তা এখন তিলে তিলে আপনাকে ভেঙে দিচ্ছে। ভালোবাসার মূল্য কখনও মানসিক শান্তি, আত্মপরিচয় বা মানসিক স্বাস্থ্যের বিনিময়ে পাওয়া উচিত নয়। এই সত্যিটা উপলব্ধি করতে পারা খুব কষ্টের।

মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যা শুধু কষ্ট দেয় বলে মনে করেন অভিনেত্রী। প্রভার কথায়, ‘যে বন্ধু শুধু নিজের প্রয়োজনে পাশে দাঁড়ায়, যে চাকরি আপনাকে কোনো উন্নতির সুযোগ না দিয়ে শুধু ক্লান্ত করে, যে পারিবারিক সদস্য বারবার আপনার ব্যক্তিগত সীমানা পেরিয়ে যায়, কিংবা যে জীবনসঙ্গী পাশে থেকেও আপনাকে নিঃসঙ্গ বোধ করায়— তাদের জন্য ত্যাগ স্বীকার করে যাওয়ার ফল ভালো হয় না। আপনি কেবল দিয়ে যান আর আশা করেন যে একদিন সব ঠিক হয়ে যাবে। একসময় লক্ষ্য করেন, আপনি নিজেই হারিয়ে যাচ্ছেন।

সবকিছু ছেড়ে দেওয়া কোনো নিষ্ঠুরতা নয় উল্লেখ করে প্রভা লিখেছেন, ‘ছেড়ে দেওয়া কোনো নিষ্ঠুরতা নয়। এটি সাহসের কাজ। এর অর্থ হলো ক্ষতির চেয়ে নিরাময়কে বেছে নেওয়া। অভিনয় করার চেয়ে সত্যকে আঁকড়ে ধরা। নীরবে কষ্ট পাওয়ার চেয়ে আত্মসম্মানকে বড় করে দেখা। হয়তো অনেকে বলবেন আপনি বদলে গেছেন। কিন্তু তারা বুঝবে না যে আপনি কাউকে দূরে ঠেলছেন না। বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন।

সব শেষে তিনি লিখেছেন, ‘যেখানে আঘাত পেয়েছেন, সেখানে নিরাময় সম্ভব নয়। খালি হৃদয় অন্যকে দেওয়া যায় না। আর যে পরিবেশ আপনাকে দিন দিন ছোট করে দিচ্ছে সেখানে আপনার বিকাশ হতে পারে না। তাই দূরে সরে যাওয়া মানে কাউকে ত্যাগ করা নয়। নিজের আত্মমর্যাদাকে ফিরে পাওয়া। ভালোবাসার শক্তিশালী রূপ হলো— কখন বিদায় জানাতে হবে, তা ঠিকমতো বুঝতে পারা।’

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179891