কক্সবাজারে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারে পৃথক অভিযানে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার (১৪ আগস্ট) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নাপমুরা পাড়া গ্রামের বাসিন্দা আ. গফুর এর ছেলে মো. রাসেল (২০)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহল দল মো. রাসেলকে আটক করে। 

পরে তাকে তল্লাশি চালিয়ে একটি পোটলার মধ্যে নীল রঙের বায়ুরোধী ১০ কাট (এক লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে উক্ত স্থানে দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। 

আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত থেকে কিনে অধিক দামে বিক্রয়ের উদ্দেশে বহন করছিল বলে স্বীকার করে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জীম্বংখালী বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শাকের এর ঘের নামক স্থানে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তাদের হাতে থাকা ০১টি পোটলা ফেলে দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। 

পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পোটলার ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী ৫ কাট (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারিদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179887